বাঙালির তেলের ব্যাবসা সবসময়ই রমরমা চলে। সবকিছুই ঠিকঠাক আছে কেন জানি মধ্যপ্রাচ্যের মত হয়ে উঠা হয় না সেটাই বুঝে আসে না। তেলের উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত কোন ঝুট ঝামেলা নাই। অন্যান্য দেশের মত ভেজাল যুক্ত তেল উৎপাদন বাঙালি করে না। একেবারে খাঁটি, শুদ্ধু তেল। তেলের রকম ফের আছে অবশ্য। কয়েকটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। রাজনৈতিক তেল, নৈতিক তেল, ভাই-ব্রাদার তেল, শ্রদ্ধেয় তেল, শয়তান তেল ইত্যাদি। শয়তান তেল নিয়ে একটু আলোচনা করা যেতে পারে(যেহেতু অন্যান্য তেল নিয়ে মানুষের বিস্তর ধারণা আছে তাই সেগুলো বাদ)। এই তেলের উৎপাদন হয় কোথাও নতুন যুক্ত হওয়া মানুষ প্রজাতি থেকে। এই প্রজাতি কোথাও নতুন আসলে প্রথমে কোথায় তেল উৎপাদন করতে হবে, কোথায় তেল মারতে হবে বুঝতে পারে না। ফলে সামনে যাকে পায় তাকেই তেল মারতে থাকে। কিন্তু কিছুদিন পর যখন বুঝতে পারে যে যাদের এতদিন তেল মেরে এসেছে তারা তেমন বিখ্যাত/কুখ্যাত নয় তখন তাদের আছাড় মেরে যারা বিখ্যাত/কুখ্যাত/পরিচিত বেশি তাদের তেল মারা শুরু করে। এদিকে এতদিন তেল খাওয়া অল্প পরিচিত জনগণ ভোগে তেল হীনতায়। শরীরের অবস্থা কাহিল হয় যখন দেখে তেল উৎপাদন প্রজাতি তারই সুহৃদ / কাছের মানুষদের বিখ্যাত ভেবে তেল মারছে। শেষে অবশ্য গ্যাস্ট্রিকের একটা কড়া ঢেঁকুর তুলে বলে," ঐ তেলে কোলেস্টেরল বেশি ছিলো, গেছে ভালোই হয়েছে"
আক্রান্তকে প্রথমে সন্দেহ ও পরে দোষারোপ করা বাঙালির শ্রেষ্ঠ অভ্যাস। একজন আক্রান্ত ব্যক্তি যতটা অসহায় অবস্থায় থাকে আক্রান্ত অবস্থার পর তার চেয়ে বেশি অসহায় হয় যখন আশেপাশের মানুষ তাকে সহানুভূতির পরিবর্তে সন্দেহ ও দোষারোপ করা শুরু করে।
কিছু বর্বর মানুষ এই 'ভিক্টিম ব্লেমিং' করবে সেটা হতেই পারে কিন্তু শিক্ষিত, অনেক উচু দরের মানুষ, যিনি সবসময় সমাজ, সংস্কৃতি নিয়ে কথা বলেন, প্রগতির কথা বলেন তিনি যখন এই ভিক্টিম ব্লেমিং করেন তখন প্রচণ্ড অসহায় লাগে। বার বার মনে প্রশ্ন ওঠে আমরা কী এতই বোকা। মানুষ চিনতে আমরা এত ভুল করি কেন!
একজন শারীরিক লাঞ্চনার শিকার নারীকে উদ্দেশ্য করে একজন বিজ্ঞ, শ্রদ্ধেয় ব্যক্তি লিখেছেন "আপনি নিশ্চিত কিছুটা হলেও তার সংগ এনজয় করেছেন...'সব জেনেও গিয়েছেন...." কীভাবে সম্ভব!!!! ভেবেছি এখনো কিছু ভালো মানুষ, ভালো শিক্ষক আছেন। যারা প্রতি নিয়ত প্রচলিত ধারার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। কিন্তু এখন বুঝতে পারছি নিশাচর প্রাণী আলোতে আসল চেহারা লুকিয়ে রাখে আর অন্ধকার হলেই তা দেখাতে কার্পণ্য করে না।
আমার মতে বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম বিষয়। এই বিশ্বাস আবার ধর্মীয় কিংবা অন্য কোন কিছুতে বিশ্বাস নয়। এই বিশ্বাস হলো মানুষের প্রতি বিশ্বাস। যদিও মর্যাদার দিক দিয়ে মানুষ তেমন বিশ্বস্থ প্রাণী নয় কিন্তু যে মানুষটি অন্য আরেকটি মানুষকে বিশ্বাস করে, তার প্রতি নির্ভর করে সেই মানুষটি থাকে একেবারে শুদ্ধ, সরল।
মস্তিষ্কের পরম প্রশান্তি অনুভূত হয়, যে আমি যাকে বিশ্বাস করি সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না।
কিন্তু একি! যুগে যুগে মানুষ নামক এই নিকৃষ্ট প্রাণীটি বিশ্বাস ভঙ্গ করেছে। পরম বন্ধুকেও নিজের সামান্য স্বার্থের কারণে ছুড়ে ফেলে দিয়েছে গর্তে। ইতিহাসে তার ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ আছে।
বাংলার শেষ স্বাধীন নবাবের পতন হয়েছিলো মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। জুলিয়াস সিজারের পতন হয়েছিলো ব্রুটাসের বিশ্বাসঘাতকতার কারণে।
বিশ্বাস ভঙ্গের যে আঘাত সেই বিশ্বাসকারী সরল(বিশ্বাস) মানুষ পায় তার সঙ্গে তুলনা করার মত বিষয় এই পৃথিবীতে নেই। শুধু বলা চলে বিশ্বাস নষ্ট হলে পৃথিবীর প্রতি তার একটা নোংরা মনোভাব তৈরি হয়। মানুষ নামক প্রাণীটির প্রতি তার শ্লেষ, আক্ষেপ জমতে থাকে।সমাজের সাধারণ নিয়মে এসব নিয়ে হয়তো বেঁচে থাকে শেষে কিন্তু বিশ্বাস নামক শব্দটা তার অবিধান থেকে হারিয়ে যায়।
'Delusions of Grandeur'-বাংলা করলে দাঁড়ায়ঃ 'যা নয় নিজেকে তাই ভাবা'। এক প্রকার রোগ আরকি। এই রোগে ভুগতে মজা আছে, কিন্তু সমস্যা হলো রোগে ভুগতে ভুগতে নিজের যতটুকু আছে সেটুকু হারিয়ে ফেলা।
যেমনঃ বিড়াল নিজেকে বাঘ মনে করে আত্মতৃপ্তি পেতে পারে কিন্তু সার্বক্ষনিক বাঘ ভাবতে ভাবতে এক সময় তার বিড়াল পরিচয়টুকু বিলুপ্ত হতে পারে। আবার সে বাঘও নয়। তাহলে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে যখন সম্বিত ফিরে পায় তখন না সে বাঘ না সে বিড়াল। হতাশায় বিপর্যস্থ হওয়া ছাড়া উপায় থাকে না।